অন্ধকার সুড়ঙ্গ থেকে আলোয় ফিরলেন ৪১ জন শ্রমিক । ১২ নভেম্বর থেকে উত্তর কাশীর ধস নামা সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে ছিলেন তাঁরা । ১৭ তম দিনে তাদের নিরাপদে উদ্ধার করা হয় । শ্রমিকরা সকলেই সুস্থ রয়েছেন । কেন্দ্রীয় সরকার ও উত্তরাখণ্ড সরকারের দুরন্ত নেতৃত্ব এবং উদ্ধারকারী দলের কর্মীদের নিরলস কঠোর পরিশ্রমে এই অসাধ্যসাধণ সম্ভব হয়েছে । সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় । এর পর নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সুড়ঙ্গ থেকে বের হওয়া শ্রমিকদের স্বাগত জানান । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং । শ্রমিকরা উদ্ধার হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তাদের পরিবার পরিজন স্বস্তির নিশ্বাস ফেলেন । কোথাও কোথাও বাজি ফাটিয়ে উৎসব উদযাপনও করা হয় ।
স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সারা দেশ । দীর্ঘ লড়াইয়ের পর শ্রমিকদের নিরাপদে বের করে আনতে পেরে উল্লসিত উদ্ধারকারী দলের সদস্যরা । স্বজনদের ফিরে পেয়ে আপ্লুত পরিবারের লোকজনও ।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিককে আর্থিক সাহায্য় দেওয়া হবে । ঘটনাস্থলে একটি মন্দির নির্মান করা হবে বলেও তিনি জানান । হাসপাতালে বিনাখরচায় চিকিৎসা এবং শ্রমিকদের বাড়ি ফেরার সব রকম ব্যবস্থা করা হবে বলে শ্রী ধামি জানান ।
কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার উদ্ধারকাজে সবরকম সাহায্য করেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই উদ্ধারকাজের ওপর নজর রেখেছিলেন ।
কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি উদ্ধারকাজে নিয়োজিত সরকারের প্রতিটি সংস্থা এবং উদ্ধারকারী দলের সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যমে এক বার্তায় উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন । তিনি বলেন, বিভিন্ন রকম বাধা সত্ত্বেও যেভাবে এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে তা প্রশংসার যোগ্য । শ্রমিকরাও যে যন্ত্রনা সহ্য করেছেন তা মানবজাতির সহনশীলতার এক অনন্য নজীর । তিনি উদ্ধারকারী দলের সকলকে অভিনন্দন জানান । রাষ্ট্রপতি বলেন, অসীম ধৈয্য ও দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে ইতিহাসের অন্যতম কঠিন উদ্ধারকাজকে বাস্তবে পরিণত করেছেন এই কর্মীরা ।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ১৭ দিন পর উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন । তিনি বলেন, যেকোন কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে রক্ষা করার জন্য দেশের সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক এই অভিযান ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে টেলিফোনে কথা বলেন । তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন । প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও টেলিফোনে কথা বলেন । সুড়ঙ্গ থেকে উদ্ধার করার পর শ্রমিকদের জন্য় কি ব্যবস্থা করা হয়েছে সেবিষয়ে খোঁজ খবর নেন তিনি ।
উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকের মধ্যে বাংলার তিনজন রয়েছেন । কোচবিহারের মানিক তালুকদার, হরিণাখালির সেবিক পাখেরা এবং হুগলির জয়দেব প্রামানিক । তাদের পরিবারে ছিল খুশির জোয়ার ।

কোচবিহারের বলরামপুরের বাসিন্দা মানিক তালুকদারের পরিবারের ছিল খুশির ছোঁয়া ।
