রাসায়নিক সারের ব্যাবহার কমাতে মাটিতে দুধ, দই, ঘি সহ বাড়ির উচ্ছিষ্ট মিশিয়ে জৈব সার তৈরির প্রকল্প নিয়েছে সরকার । এরজন্য বহরমপুর সহ গোটা রাজ্যে ১০টি ব্লকে জৈব গ্রাম গড়ে তোলা হয়েছে । বহরমপুর ব্লকের জৈব গ্রামে ইতিমধ্যেই পরিক্ষামূলক ভাবে দুধ, দই ও ঘিয়ের মিশ্রণে গোমূত্র, কলা, গোবর ইত্যাদি দিয়ে জৈব প্রযুক্তিতে সার তৈরি করা হচ্ছে । কৃষি কর্তাদের দাবী এই সার মাটির উৎপাদন ক্ষমতা যেমন বাড়াবে, তেমন একই জমিতে বছরে তিন চারবার ফসল উৎপাদন করতে সাহায্য করবে । বহরমপুর সহ, রাজ্যের সিতাই, কালিয়াগঞ্জ, নাকাশিপাড়া, কালিম্পং-২, জামবনী ও রাজনগর ব্লকে এই জৈব গ্রাম প্রকল্পে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে । বহরমপুর ব্লকের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের ৪০ জন কৃষককে নিয়ে পঞ্চগব্য, সঞ্জীবক, জীবাশ্রুত ইত্যাদি তৈরির পদ্ধতি হাতেকলমে শেখানো হচ্ছে কৃষি ভবনে ।
জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে । ফলে জমিতে সার ব্যবহার করেও এখন ভালো ফলন হচ্ছে না । এই পরিস্থিতে সরকার উদ্যোগ নিয়েছে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈবসার ব্যবহার করার । ক্রমবর্ধমান এই জনসংখ্যায় খাদ্যের জোগান সুনিশ্চিত করতে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে এই প্রক্রিয়া, বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানিরা ।
